1. admin@timesnews71.com : অ্যাডমিন :
উপদেষ্টা পরিষদের ১৪ জনই চট্টগ্রাম বিভাগের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

উপদেষ্টা পরিষদের ১৪ জনই চট্টগ্রাম বিভাগের

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গতকাল রবিবার শপথ নিয়েছেন আরও তিনজন। এতে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এই ২৪ জনের মধ্যে ১৪ জনের বাড়িই চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগের রয়েছেন ৫ জন। এছাড়া একজন রাজশাহী, একজন বরিশাল, একজন যশোর, একজন সুনামগঞ্জ জেলার উপদেষ্টা রয়েছেন। একজনের জন্ম কলকাতায়।
উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

ড. আসিফ নজরুলের জন্ম কুমিল্লায়। তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আলী ইমাম মজুমদারের জন্ম কুমিল্লা জেলার নানুয়া দিঘিরপাড়ে। তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

মুহাম্মদ ফাওজুল কবির খানের জন্ম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্ম চট্টগ্রামের মুরাদনগর উপজেলায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

ফারুক ই আজমের (বীর প্রতীক) জন্ম চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ফরিদা আখতারের জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায়। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

শারমীন এস মুরশিদের পৈতৃক নিবাস কুমিল্লায়। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সৈয়দা রিজওয়ানা হাসান জন্ম ঢাকার ধানমন্ডিতে। তার পৈতৃক নিবাস হবিগঞ্জের নরপতি হাভেলি। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

ড. আ. ফ. ম. খালিদ হোসেনের জন্ম চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সুপ্রদীপ চাকমার জন্ম খাগড়াছড়ি জেলার সদর উপজেলায়। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মাহফুজ আলমের জন্ম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) জন্ম মুন্সীগঞ্জে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আদিলুর রহমান খানের জন্ম মুন্সীগঞ্জ জেলায়। তিনি শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

মো. নাহিদ ইসলামের জন্ম ঢাকায়। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নূরজাহান বেগমের জন্ম ঢাকার ধামরাই উপজেলায়। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকীর জন্ম ঢাকার নাখালপাড়ায়। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

মো. তৌহিদ হোসেনের জন্ম রাজশাহীতে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের জন্ম বরিশালে। তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

শেখ বশিরউদ্দীনের জন্ম যশোরের নাভারনে। তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের জন্ম সুনামগঞ্জে জেলার মধ্যনগর উপজেলায়। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

এছাড়া উপদেষ্টা হাসান আরিফের জন্ম কলকাতায়। তিনি ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71