1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইমরানের ডাকে ইসলামাবাদে ঢুকে পড়ল পিটিআইয়ের কনভয় | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ইমরানের ডাকে ইসলামাবাদে ঢুকে পড়ল পিটিআইয়ের কনভয়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিশাল কনভয়ের মিছিল ঢুকে পড়েছে। খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর এবং বিরোধীদলীয় নেতা ওমর আইউবের নেতৃত্বে কনভয়গুলো সোমবার (২৫ নভেম্বর) হাজারা ইন্টারচেঞ্জ থেকে ইসলামাবাদের ডি-চকের দিকে অগ্রসর হয়। পথে পাঞ্জাব পুলিশের বাধার মুখে পড়ে তীব্র সংঘর্ষ বাধে। এতে একজন পুলিশ কনস্টেবল নিহত এবং অনেকে আহত হয়।

এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, হাজারা ইন্টারচেঞ্জে পুলিশের তীব্র প্রতিরোধের মুখে পড়েও পিটিআই কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পুলিশের সঙ্গে তাদের পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ৪৬ বছর বয়সী কনস্টেবল মুবাশ্বের গুরুতর আহত হয়ে মারা যান। আহতদের মধ্যে ডিএসপি চৌধুরী জুলফিকার, ডিএসপি শাহিদ গিলানি, এএসআই তাবাসসুম ও বেশ কয়েকজন পুলিশ সদস্যের নাম জানা গেছে।

পুলিশের বাধা অতিক্রম করে ওমর আইউব এবং আলি আমিন গান্ডাপুরের নেতৃত্বে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ কনভয় ইসলামাবাদের দিকে অগ্রসর হয়।

এদিকে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে ৯০ মিনিট বৈঠক শেষে তার আইনজীবী ব্যারিস্টার গওহর খান জানান, ইমরান খানের প্রতিবাদ কর্মসূচি বহাল রয়েছে। কর্মসূচি বাতিলের গুজব সম্পূর্ণ মিথ্যা।

পিটিআই চার দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে। দাবিগুলো হলো— ইমরান খানসহ সব রাজনৈতিক বন্দীর মুক্তি, সংবিধানের ২৬তম সংশোধনী বাতিল, দেশে গণতন্ত্র ও সংবিধানের পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচনী চুরি হওয়া ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া।

ইমরান খান গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামাবাদে আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে পিএমএল-এন সরকার পিটিআই সমর্থকদের ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে শহরের প্রধান রাস্তা অবরোধ করে এবং বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখে। ১৪৪ ধারা জারি করে জনসমাবেশ নিষিদ্ধ করা হলেও পিটিআই কর্মীরা তা উপেক্ষা করে রাস্তায় নেমে আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এক বিবৃতিতে জানিয়েছেন, শান্তি রক্ষায় সরকার সব ব্যবস্থা নিয়েছে। আইনের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71