1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডকে ঢেলে সাজাতে হবে --- স্বাস্থ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডকে ঢেলে সাজাতে হবে — স্বাস্থ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের নানা অনিয়মের কথা পত্রিকায় এসেছে। প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজাতে হবে।

আজ ঢাকার তেজগাঁওয়ের সরকার মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক আন্দোলনে ৩৯ জন ছাত্র-জনতা দুই চোখ-ই হারিয়েছে। তারা এই দুনিয়াটা চোখে আর দেখতে পাবে না। যাদের সন্তান আছে তারা তাদের সন্তানকে দেখতে পাবে না। এই আহতরা তাদের মা বাবাকে আর দেখতে পাবে না। তাদের এই অপরিমেয় আত্মত্যাগ শুধু এই দেশটাকে পরিবর্তন করার জন্য। এই দেশটাতে আমাদের নতুন করে যাত্রা শুরু হয়েছে অসংখ্য শহিদ এবং আহতের আত্মত্যাগের মাধ্যমে।

সিস্টেম লসের কথা উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এই লস যত কমবে বা শূন্য হবে আপনাদের কাজের দক্ষতা ততই বাড়বে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ইডিসিএলের মূল উদ্দেশ্য সাশ্রয়ী দামে কোয়ালিটি ওষুধ সরবরাহের মাধ্যমে জিডিপিতে অবদান রাখা এবং প্রতিযোগিতামূলক বাজারে গুণগত মান বজায় রেখে ওষুধ সরবরাহ করা। এ জন্য স্বচ্ছতা এবং অটোমেশনের কোন বিকল্প নাই। ইডিসিএলকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে দক্ষতা বাড়াতে হবে।

সভায় তিনি জানান, ইডিসিএল থেকে এনওসি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অন্য জায়গা থেকে ওষুধ কিনে ২২ কোটি টাকা সাশ্রয় করেছে। এটা কোনোমতেই সমর্থনযোগ্য না। তিনি প্রশ্ন রেখে বলেন, বেশি টাকা দিয়ে তারা কেন ইডিসিএল থেকে ওষুধ কিনবে। ইডিসিএল যে দামে ওষুধ বিক্রি করে তার চেয়ে কম দামে মার্কেটে ওষুধ পাওয়া যাচ্ছে। তাই কোয়ালিটি কম্প্রোমাইজ না করে দক্ষতা বাড়াতে হবে। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ভালোভাবে প্রোডাক্ট তৈরি ও অব্যাহতভাবে ঔষধ সরবরাহ করতে পারলে বাংলাদেশের পুরো মার্কেটের দৃশ্য পরিবর্তিত হয়ে যাবে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দক্ষতা বাড়বে।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইডিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে স্বাস্থ্য উপদেষ্টা সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (কেন্দ্রীয় ঔষধাগার) পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71