
টাইমসনিউজ ডেস্ক
এবারের বিপিএল জার্নিটা শেষ করে ফেলেছেন অ্যালেক্স হেলস। গতকাল বৃহস্পতিবার খেলে ফেলেছেন বিপিএলের চলতি মৌসুমের শেষ ম্যাচ। ৬ ম্যাচের চুক্তিতে রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসা ইংলিশ তারকা বাংলাদেশ ছাড়ার আগে জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা।
বৃহস্পতিবার ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে তর্কে জড়ান হেলস। তবে কী কারণে বিবাদে জড়িয়েছেন তারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ম্যাচ শেষে একটি বেসরকারি টেলিভিশনে বিষয়টি স্পষ্ট করেছেন হেলস।
তামিমের সঙ্গে তর্কে জড়ানোর বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন হেলস। ইংলিশ ব্যাটার জানান, তামিম তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন।
হেলস বলেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বললো- ‘‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’’ অথচ আমি তাকে কিছুই বলিনি। আমি জানি না কেনো সে এটাকে ব্যক্তিগতভাবে নিলো। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। এমন কিছু কথা বলেছে যা আমাকে কষ্ট দিয়েছে। তাকে বলার কিছু নেই। যা খুবই লজ্জার ব্যাপার।’
তবে তামিমের সঙ্গে কী হয়েছে- তা মনে রাখতে চান না হেলস। তিনি বলেন- ‘এসব নিয়ে না ভেবে সামনে এগোতে চাই।’
এবারের বিপিএল শেষ করেই হেলস যোগ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতে। বিপিএল থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস সেখানে কাজে লাগাবেন ইংলিশ তারকা।