1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

চলমান উত্তেজনার মধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। পাশাপাশি তাদের দিক থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, ‘আমরাও ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সতর্ক আছি। সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। পাশাপাশি এলাকাবাসীও বিজিবির সঙ্গে আছে।’

আজ শনিবার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। একপর্যায়ে শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৩ বাংলাদেশি আহত হয়।

চৌকা এলাকার বাসিন্দা আইয়ুব আলী, মারুফুল ইসলামসহ অনেকে জানান, ভারতীয় নাগরিকেরা সংঘর্ষের জন্য প্রস্তুতি নিয়ে সীমান্তে আসে। তারা সঙ্গে ককটেল ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে আসে। বাংলাদেশিদের লক্ষ্য করে তারা অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণ করেছে। এ ছাড়া এলোপাথারিভাবে ছোড়া ইটপাটকেল ও পাথরে কয়েকজন আহত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71