
টাইমসনিউজ ডেস্ক
ফেব্রুয়ারির মধ্যে ২৫ জেলার আড়াই হাজার গায়েবি মামলা সরকার প্রত্যাহার করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনে মতপ্রকাশের কারণে বিগত আমলে হওয়া ৩২২ মামলার মধ্যে ১১৩টি প্রত্যাহার করা হয়েছে। বাকিগুলোও দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে।
গতকাল মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ২৫ জেলায় আরও মামলার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অন্যান্য জেলার বিষয়েও সন্ধান চলছে। চার ক্যাটেগরিতে গায়েবি মামলাগুলো চিহ্নিত করা হচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে। ভারত তাঁকে প্রত্যর্পণ না করলে তা বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত ভারতের। তবে ফেরত না দিলে পরবর্তী সময়ে আমরা বিশ্বসমাজে কী পদক্ষেপ নেব, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির ব্যবস্থা নেওয়া হয়েছে।