1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে---মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে—মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক
 
শিল্পকে প্রকৃতির অংশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে। শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে। গ্রামে-গঞ্জে অনেক শিল্পী রয়েছেন তারা যেন অবহেলিত না থাকেন; শিল্পীদের প্রতি যেন বৈষম্য না থাকে তা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
 
উপদেষ্টা আজ ধানমণ্ডির সফিউদ্দিন গ্যালারিতে স্বশিক্ষিত শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
শিল্পীদের হাওরের কান্না চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হাওর-বাঁওড়েরের দিকে তাকালে সুন্দর দৃশ্য দেখা যায় কিন্তু হাওর-বাঁওড়ের যে কান্না তা আমরা দেখি না। তিনি বলেন, ইটনা-মিঠামইন সড়কের সৌন্দর্য  শিল্পীরা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কিন্তু এই সড়ক পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে মাছের ধ্বংসের কারণ হয়েছে শিল্পীরা তা ফুটিয়ে তুলছেন না। তবে উন্নয়নের পাশাপাশি মানুষ প্রকৃতিকে মনের মধ্যে ধারণ করতে পারে; চিত্রের মাধ্যমে শিল্পী তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
 
উপদেষ্টা আরো বলেন, শিল্পীরা শুধু পানিকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে না তুলে মাছ, পাখি ও অন্যান্য প্রাণীকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন। আসলে প্রকৃতির মাঝে এগুলো যে একটি  অংশ তা আমরা ভুলে যাই।
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ইন্টারন্যাশনাল ওয়াটারকালার সোসাইটির প্রেসিডেন্ট মোঃ কাওসার হোসাইন, চিত্র শিল্পী রেজা নবী প্রমুখ।
 
উল্লেখ্য, পাঁচ দিনের প্রদর্শনীতে নাজমা কবিরের প্রায় ৬০টি জলরঙ এবং অ্যাক্রিলিক পেইন্টিং দেখতে পারবেন চিত্রপ্রেমীরা। চিত্রগুলোতে ফুটে উঠেছে প্রাকৃতিক দৃশ্য, সি-স্কেপের প্রতি শিল্পীর গভীর ভালোবাসা।
 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71