
টাইমসনিউজ ডেস্ক:
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিপুল অর্থ আর্থিকভাবে ঝুঁকিতে থাকা কয়েকটি ব্যাংকে রয়েছে। মনে করা হচ্ছে, বিশেষ সুবিধার বিনিময়ে গত কয়েক বছরে এ অর্থ ওইসব ব্যাংকে জমা করা হয়েছে। এসব অর্থ ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ট্রাস্টের তহবিলের বড় অংশটি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বড় ফান্ড আছে। ২০২৩-২৪ অর্থবছরে সব টাকা নিয়ে রেখেছে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। যে ব্যাংক ১০ কোটি ফেরত দিতে পারে না, সেখানে কল্যাণ ট্রাস্ট ১৬৭ কোটি টাকা জমা রেখেছে। এ টাকা কবে ফেরত পাবে আল্লাহই জানেন।’
তিনি বলেন, ‘কেউ না কেউ তো এ ধরনের ব্যাংকে টাকা রেখে সুবিধা নিয়েছেন। এ বিষয়গুলো আমরা দেখছি।’
মুক্তিযোদ্ধাদের মামলা নিষ্পত্তিতে আলাদা বেঞ্চ চাওয়া হবে
মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয়ে দুই হাজার ৭০০টির মতো মামলা রয়েছে জানিয়ে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘এ মামলাগুলো একটা ডেডিকেটেড বেঞ্চে শেষ করার জন্য প্রধান বিচারপতির সাক্ষাৎ চেয়েছি। তার সঙ্গে সাক্ষাৎ হলে একটা আলাদা বেঞ্চ চাইবো, যাতে সেখানে মুক্তিযোদ্ধাদের মামলা অগ্রাধিকারভিত্তিতে আমরা শেষ করতে পারি।’