
টাইমসনিউজ ডেস্ক:
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) প্রেসক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা নিরপেক্ষ থেকে সব বিষয় তুলে ধরবেন। যার বিরুদ্ধেই অভিযোগ আসুক না কেন, সেটি প্রকাশ করবেন। এমনকি যদি আমার বিরুদ্ধেও কোনো অভিযোগ আসে, সেটিও তুলে ধরবেন। তবে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া উচিত, যাতে সংবাদটি পক্ষপাতদুষ্ট না হয়।” হলুদ সাংবাদিকতা যেন না হয় সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকার অনুরোধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেল, প্রেসক্লাবের উপদেষ্টা রাকিব হোসেন চৌধুরী ইরান, মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, হায়দার আলী মোল্লা, আব্দুল আলীম মানিকসহ আরও অনেকে।
মধুখালী প্রেসক্লাবের সভাপতি মৃধা মনিরুজ্জামান মুন্নু সভাপতিত্বে, সেক্রেটারী পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুমিনের সঞ্চালনায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি, উন্নতি এবং সাংবাদিকদের নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া করা হয়।