
টাইমসনিউজ ডেস্ক:
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে বিশ্বব্যাপী ভয়াবহ পরিণতির সৃষ্টি হবে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকিকে অগ্রহণযোগ্য বলেও আখ্যা দিয়েছে মস্কো। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানকে বোমা হামলা ও অতিরিক্ত শুল্কের মুখোমুখি হতে হবে। এর পাশাপাশি, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের কথাও জানান তিনি।
ইরানের পরমাণু কর্মসূচি এবং বর্তমান পরিস্থিতির বিপদ সম্পর্কে রাশিয়া জানিয়েছে, শান্তিপূর্ণ পরমাণু শক্তির জন্য তেহরানের অধিকারকে তারা সম্মান করে এবং এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ অগ্রহণযোগ্য। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বব্যাপী অপরিবর্তনীয় বিপর্যয় ডেকে আনবে। এই ধরনের হুমকি একেবারেই গ্রহণযোগ্য নয়।’
পশ্চিমা বিশ্ব ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনেছে। তাদের দাবি, তেহরান অতিরিক্ত ইউরেনিয়াম পরিশোধন করছে, যা বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনের অতিরিক্ত। তবে ইরান জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কার্যক্রমের জন্য।
গত জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি ‘সম্পূর্ণ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ স্বাক্ষর করেছে। এতে পারস্পরিক প্রতিরক্ষার কোনো ধারা নেই। চুক্তি অনুযায়ী, কোনো পক্ষ আক্রান্ত হলে, অপর পক্ষ আক্রমণকারীর পক্ষ নেবে না।
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ বলেছেন, ইরানে হামলা মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাতের সূত্রপাত করবে। বিশেষ করে পারমাণবিক স্থাপনায় হামলা চালালে, সমগ্র অঞ্চলের জন্য এর পরিণতি বিপর্যয়কর হবে।