1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির সঠিক ও স্বচ্ছ ট্র্যাকিং নিশ্চিতে সফটওয়্যার উদ্বোধন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির সঠিক ও স্বচ্ছ ট্র্যাকিং নিশ্চিতে সফটওয়্যার উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির সঠিক ও স্বচ্ছ ট্র্যাকিং নিশ্চিত করার জন্য Truepresence নামে একটি আধুনিক উপস্থিতি ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে।

আজ ঢাকার আব্দুল গনি রোডস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ সফটওয়্যারটির উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন, Truepresence সিস্টেমটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে সকল সংস্থা এবং কোম্পানিতে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। তিনি আরো বলেন, যদি সিস্টেমটি সফলভাবে এবং ধারাবাহিকভাবে কাজ করে, তবে এটি অন্যান্য সরকারি খাতে একটি মডেল হিসেবে কাজ করতে পারে। এই উদ্যোগটি সরকারি কাজে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সরকারি কাজে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।

উপদেষ্টা এই সফটওয়্যার চালুর ক্ষেত্রে সহযোগিতা করার জন্য সৌদি আরবের নিবন্ধিত কোম্পানি SDM এবং এর সাথে সংশ্লিষ্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশে প্রচুর পরিমাণে বিনিয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো দৃঢ় হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুলআজিজ ফাহাদ এম আল ইব্রাহিম বলেন, বিশ্বব্যাপী মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ ডাটা সুরক্ষা এবং ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিতকরণে এ সফটওয়্যার উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এছাড়া, মন্ত্রণালয় পর্যায়ে রিয়েল-টাইম ওভারভিউ এবং রিপোর্টিংয়ের কাজে এ সফটওয়্যার সহায়ক হবে বলেও জানান তিনি।

SDM এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, SDM কোম্পানি সফটওয়্যারটির উন্নয়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে সহযোগিতা করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছে। এর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে উল্লেখ করে তিনি আরো বলেন, সফটওয়্যারটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সহায়তা করবে যা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71