
মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, নগদ ১০ হাজার টাকা এবং গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওজন মেশিন জব্দ করা হয়।
মধুখালী থানা পুলিশের সেকেন্ড অফিসার মোঃ রুস্তম আলী জানান, ১০ মে শনিবার রাতে প্রথমে চরবাগাট গ্রামের মোঃ নান্নু সরদারের ছেলে মোঃ শিপন সরদার (৪০)-কে তার বসতঘর থেকে গাঁজাসহ আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুই সহযোগীকে আটক করা হয়। তারা হলেন ঘোপঘাট গ্রামের মশিউল আজম ওরফে মুজামের ছেলে মাহফুজ ওরফে জুয়েল মল্লিক (৩৫) এবং মেছড়দিয়া গ্রামের আঃ লফিত শেখের ছেলে মোঃ কবির শেখ (৪২)।
পুলিশ জানায়, আটক শিপনের বিরুদ্ধে ৫টি, জুয়েল মল্লিকের নামে ৪টি এবং কবির শেখের নামে ৭টি মাদক মামলার রেকর্ড রয়েছে।
এ ঘটনায় ১১ মে (রবিবার) মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর-০৭) দায়ের করা হয়েছে। একই দিন দুপুরে আটক তিন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।