
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সাবেক সিইসির নুরুল হুদার সাথে হওয়া মবের ঘটনায় বাহিনীর কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
আজ সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসনসহ বিভিন্ন সহকারী দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।
মবের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে, তা কাম্য নয়। এ ধরনের ঘটনা যাতে আর পুনরায় না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালের ঘটনায় বাহিনীর কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধন হতে শুরু করেছে। আগের মতো পুলিশ ব্যবহার করে না। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। জনগণকে সন্তুষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।’