
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন ও ইসরায়েলি হামলার কারণে বন্ধ হয়ে যাওয়ার পর এবার ফের পরমাণু কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরান। এই কার্যক্রম ফের পরিচালনা করার তোড়জোড় চলছে বলে দাবি করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ এসলামি। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মোহাম্মাদ এসলামি বলছেন, পরমাণু কর্মসূচি ও কেন্দ্রগুলোতে যে ক্ষতি হয়েছে, তা দ্রুত সারিয়ে তুলছে ইরান। এরপর সেখানেই পরিচালিত হবে পরমাণু কার্যক্রম।
ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।