1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় এসআই আমিনুল ইসলামের মৃত্যু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় এসআই আমিনুল ইসলামের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

মফিজুর রহমান মুবিন:

ফরিদপুরের মধুখালী থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, এসআই মোঃ আমিনুল ইসলাম (বিপি নম্বর-৭৯০০০৩৫০১৯) গত ৩ জুন ২০২৫ তারিখে মধুখালী থানায় যোগদান করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

২৪ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টা ৪০ মিনিটে থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১১৩৩ অনুযায়ী ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং তদন্তাধীন একটি মামলার কাজে তিনি তার দায়িত্বপ্রাপ্ত বিট এলাকা জাহাপুর ইউনিয়নের উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন।

পথিমধ্যে সকাল ১১টা ৩০ মিনিটের দিকে মাছকান্দি এলাকায় মাজেদা জুট মিলের পাশের ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে দ্রুতগতির একটি বাসকে সাইড দিতে গিয়ে তার মোটরসাইকেলের চাকা স্লিপ করে পাকা রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

পরে জুট মিলের আনসার সদস্য এপিসি মোঃ জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের আইসিইউ-তে ২৮ জুলাই ২০২৫, বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে এসআই আমিনুল ইসলাম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৬ বছর।

তার মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ এবং মধুখালী থানা পুলিশ গভীর শোক প্রকাশ করেছে।

মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে আনার পর ফরিদপুর পুলিশ লাইনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ জেলা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম এসআই আমিনুল ইসলাম এক স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71