1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

আজ ফিলিপাইনের ম্যানিলাতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে। ই-পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণে এবং তাদেরকে বিভিন্ন নাগরিক সুবিধা প্রদানে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার একটি উদাহরণ হলো ই-পাসপোর্ট কার্যক্রম। বর্তমানে বিদেশস্থ ৬০টি বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ৬১তম মিশন হিসেবে আজ ফিলিপাইনের ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম চালু হলো। এই ই-পাসপোর্ট-এর মেয়াদ ১০ বছর। ফলে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট প্রাপ্তি সেবা আরো বেগবান ও সহজতর হবে এবং কষ্ট অনেকাংশে লাঘব হবে। এছাড়াও এই ই-পাসপোর্ট অত্যাধুনিক এবং এতে রয়েছে স্বয়ংক্রিয় পাসপোর্ট রিডার। এর সবচেয়ে বড় সুবিধা হলো; ই-গেট ব্যবহার করে একজন ই-পাসপোর্টধারী এয়ারপোর্টে দ্রুত ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ই-পাসপোর্ট সিস্টেমের সাথে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর ডাটাবেজ সন্নিবেশিত রয়েছে বিধায় ভবিষ্যতে বাংলাদেশের ই-পাসপোর্টধারীগণ আইসিএও-এর অন্যান্য সদস্য দেশে অবস্থিত ই-গেটের সুবিধা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ই-পাসপোর্ট সেবা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একইসাথে তারা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71