1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘দয়া করে আমার নামে দেশনায়ক-রাষ্ট্রনায়ক জুড়বেন না’--তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন

‘দয়া করে আমার নামে দেশনায়ক-রাষ্ট্রনায়ক জুড়বেন না’–তারেক রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

নিজের নামের সঙ্গে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক জাতীয় শব্দ জুড়ে দেওয়া পছন্দ করেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বরাবরই বিষয় তিনি বলে আসছেন। আজ মঙ্গলবার বিএনপি আয়োাজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফের দলের নেতাকর্মীদের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন তারেক রহমান।

বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দয়া করে কেউ আমার নামের সঙ্গে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক জাতীয় কোনো শব্দ ব্যবহার করবেন না।

তারেক রহমান বলেন, বিএনপি এমন দল যারা অতীতে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করেছে। অনেক ক্ষেত্রেই সফল হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি। তবে এখন অনেকেই বলছেন, নিরপেক্ষ নির্বাচন হলে, দল ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে বিএনপিই ফের সরকার গঠন করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের ৩১ দফা হচ্ছে ভবিষ্যতে কীভাবে আমরা দেশ পরিচালনা করব, তারই রূপরেখা। এটি প্রথমে ২৭ দফা ছিল । পরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমাদের যুগপৎ আন্দোলনে যেসব রাজনৈতিক দল শরিক হয়েছে, তাদের মতামতের ভিত্তিতে ৩১ দফা তৈরি হয়েছে। তাই এই ৩১ দফা শুধু বিএনপির নয়, গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দলের সম্মিলিত চিন্তার ফসল।

বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আমাদের এই ৩১ দফাকে দেশের মানুষের কাছে নিয়ে যেতে হবে। শুধু জনসভা করে নয়, ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গ্রামে গিয়ে ছোট ছোট উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে জানাব আমরা।

তারেক রহমান বলেন, যতই সংস্কার করি না কেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি না হলে তার কোনো মূল্য নেই। সেজন্য সবকিছুতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে৷ সেই জবাবদিহি করতে হবে জনগণের কাছে। এজন্য ভোটের অধিকার সবার আগে নিশ্চিত করতে হবে। পৃথিবীর যেকোনো গণতান্ত্রিক দেশে, জবাবদিহিতা তৈরি হয় ভোটের মাধ্যমেই।

তারেক বলেন, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটের অধিকারের জন্য আমাদের হাজারো সহকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন। মিথ্যা মামলার স্বীকার হয়েছেন আমাদের ৬০ লাখের বেশি নেতাকর্মী। তারপরও আমরা এই যুদ্ধ করছি দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য।

সবশেষে দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সহকর্মী বা সহযোদ্ধা হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ এবং নেতা হিসেবে আপনাদের কাছে আমার নির্দেশ, আজ থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, দেশনায়ক-রাষ্ট্রনায়ক এ ধরনের কথাগুলো বলবেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71