1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

আলী আহসান রবি
ঢাকা, ২১ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ সাক্ষাৎ করলে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন।

এসময় বিতর্কিত কোনো কর্মকর্তা, বিশেষ করে স্বৈরাচারী আওয়মী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালন থেকে নিবৃত রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

নির্বাচনের আগে প্রশাসনে রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বিএনপি নেতৃবৃন্দ।

প্রধান উপদেষ্টা বিএনপি নেতৃবৃন্দকে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তাঁর তত্ত্বাবধানে হবে। তিনি বলেন, জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ‘ফিট লিস্ট’ থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে প্রত্যেককে নির্বাচনের আগে যথাযোগ্য স্থানে নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র। এখানে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন সেরকম যোদ্ধাকেই আমরা বেছে নেব। এটা আমার হাতে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করব।’

বৈঠকে পুলিশের নিয়োগ এবং বদলি প্রক্রিয়া নিয়েও কিছু পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার কাছে জানান বিএনপি নেতৃবৃন্দ।

এর পাশাপাশি, সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। এসব ঘটনা অন্তর্ঘাতমূলক কি না এ বিষয়ে অনুসন্ধানেরও আহ্বান জানিয়েছেন তাঁরা।

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71