1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রথম আলো প্রকাশিত সংবাদটি দিল্লি থেকে লিখে দেওয়া: হাসনাত আব্দুল্লাহ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

প্রথম আলো প্রকাশিত সংবাদটি দিল্লি থেকে লিখে দেওয়া: হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

‘বিলাসী জীবনসহ নানা প্রশ্নের মুখে সারজিস ও হাসনাত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক প্রথম আলো। এই শিরোনামের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন।

গতকাল রোববার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে এ কথা বলেন হাসনাত।

ফেসবুক পোস্টে হাসনাত বলেন, ‘প্রথম আলো আজ শিরোনাম করেছে ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন। থামার হলে তো সেদিনই থেমে যেতাম। ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না।’

স্ট্যাটাসে হাসনাত বলেন, ‘থামার হলে আপনাদের মতোই ভারত বা র— এদের তাঁবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না আপনাদের সাথে মিলে মিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম। আমি সেটা করিনি এবং করবও না। যতই তথ্যসন্ত্রাস করেন, আমি ভারত আর র-এর বিরুদ্ধে কথা বলা থামাবো না, আওয়ামী লীগ ফেরানোর কোনও উদ্যোগ জীবন থাকতে সফল হতে দেবো না।’

তিনি বলেন, ‘প্রথম আলো বারবারই এ দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। র-এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্যসন্ত্রাস কাকতালীয় হতে পারে না। এসব তথ্যসন্ত্রাস দিয়ে আমাকে থামানো যাবে না। যতদিন দেহে প্রাণ আছে— আমি এই দেশে দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাবো। তাতে আমার রাজনীতি যদি না থাকে, আমাকে যদি মাইনাস করা হয়, হোক। আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত, র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এ লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাস দেওয়ার কিছু সময় পর তথ্য সংকট দেখিয়ে ওই সংবাদটি সংশোধন করে প্রথম আলো। তাদের সংশোধনীতে বলা হয়, এই প্রতিবেদনের প্রথম প্রকাশিত শিরোনাম পরিবর্তন করা হয়েছে। প্রতিবেদনের ভেতরের অংশবিশেষও পরিবর্তন করা হয়েছে। প্রতিবেদনটি প্রথম প্রকাশের পরে আরও কিছু তথ্য জানার পর এই পরিবর্তন ও পরিমার্জন করা হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71