1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত | টাইমস নিউজ ৭১
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

শেখ সালমান আহমেদ, ফরিদপুর:-

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও অভ্যুত্থানে শহীদদের স্মরণে বুধবার (৫ আগস্ট) সকালে নানা কর্মসূচি আয়োজন করা হয়।

দিনের শুরুতে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি পর্বে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এরপর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা, বিএনপি, সিভিল সার্জনের কার্যালয়, জেলা তথ্য অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার, জেলা নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, জেলা শিল্পকলা একাডেমি, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র-জনতার আত্মত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়ে ৫ আগস্ট পরিবর্তনের সূচনা হয়। বক্তারা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজ সংস্কারে জেলা প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71