1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতি, বদলি ও নিয়োগ সংক্রান্ত ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’ বাতিল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতি, বদলি ও নিয়োগ সংক্রান্ত ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’ বাতিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদোন্নতি, বদলি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য গঠিত ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে আগের ও পরের সকল কমিটি বাতিল করা হয় এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো
এর ফলে প্রশাসনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তার ওপরের পদের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতামত বা সুপারিশ দেওয়ার ক্ষমতা আর এই কমিটির থাকল না।

জনপ্রশাসনে কর্মকর্তাদের পদোন্নতি ও বদলি সংক্রান্ত সকল ক্ষমতা এখন সুপেরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার এসএসবি-কে নিরপেক্ষ এবং কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে চলমান দীর্ঘদিনের অসন্তোষের নিরসন হবে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে গঠিত এই কমিটিতে অন্য সদস্যরা ছিলেন— উপদেষ্টা ফাওজুল কবির খান, উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান, উপদেষ্টা মো. মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71