
টাইমসনিউজ ডেস্ক:-
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম আজ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিসি এর নতুন তিনটি জাহাজ রূপসা, সুগন্ধা ও মধুমতি উদ্বোধন করেন।
ঢাকা থেকে হাতিয়ার নৌপথে রূপসা ও সুগন্ধা এবং ঢাকা-বেতুয়া নৌপথে মধুমতি জাহাজ চলাচল করবে।
এছাড়া যাত্রীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রলি সেবা ব্যবস্থারও উদ্বোধন করেন মন্ত্রী। সেবা ব্যবস্থার নামে আর্থিক লেনদেনের খবর পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নৌপরিবহন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ঈদযাত্রা ঘিরে সাতদিনের জন্য ইজারা মূল্য মওকুফ করা হয়েছে। ঈদযাত্রা উপলক্ষ্যে সাত দিনের জন্য ইজারা চার্জ মওকুফ করে দেওয়া হয়েছে। এই ব্যয় আমরা বহন করব। মালামাল নিয়ে হয়রানির কোনো অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
মন্ত্রী আরো বলেন, আজ থেকে চালুকৃত বিনামূল্যের সেবা (হুইল চেয়ার, ট্রলি) অব্যাহত থাকবে। এই সেবার জন্য ভবিষ্যতে কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।