1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে নতুন শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে নতুন শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে নবযোগদানকৃত প্রধান শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। কারণ প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয়।
উপদেষ্টা আজ ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে (নেপ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবযোগদানকৃত প্রধান শিক্ষকদের (নন-ক্যাডার) ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স ২০২৪ এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেশকে উন্নত করতে হলে মানুষকে উন্নত করতে হবে। শিক্ষার সাথে সাথে স্বাস্থ্যের উন্নয়নও করতে হবে। প্রাথমিক পর্যায়-ই একটি শিশুকে জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করে। আমাদের সে জায়গাটিতে জোর দিতে হবে।
নেপ এর মহাপরিচালক ফরিদ আহ্‌মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম, নেপ এর পরিচালক জিয়া আহমেদ সুমন, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা, কোর্স পরিচালক আবু সালেহ, আহসান ইবনে মাসুদ, প্রশিক্ষণার্থী সুমাইয়া আক্তার ও ছোটন চন্দ্র রায়।
উল্লেখ্য, দেশের ৪৮টি জেলা থেকে ৮০ জন প্রধান শিক্ষক ১৫ দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। কোর্সটি ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৭ অক্টোবর শেষ হয়। কোর্সে অংশ নেয়া প্রধান শিক্ষকরা সকলেই ৪০ তম বিসিএস এ নন-ক্যাডার প্রাপ্ত।
এর আগে উপদেষ্টা নেপ এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে উপদেষ্টা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ময়মনসিংহ বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71