
টাইমসনিউজ ডেস্ক
নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই, এরপর নির্বাচন হবে। চোরদের আর নির্বাচিত করবেন না। দয়া করে চোরদের আর ভোট দেবেন না।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ঢালচরে নতুন লঞ্চঘাট উদ্বোধনকালে এসব কথা বলেন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
এ উপলক্ষ্যে সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন উপদেষ্টা আরও বলেন, আপনারা সব দেখেছেন, সব জানেন—একজন ভালো মানুষকে আনেন। যারা নিঃস্বার্থভাবে আপনাদের সঙ্গে থেকে কাজ করে, এরকম লোককে ভোট দেবেন। বিগত সরকারের লুটপাটের মহোৎসবে বড় বড় প্রকল্প দেওয়া হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। শুধু শহর উন্নয়ন নয় গ্রামের উন্নয়ন হলেই দেশ উন্নত হয়। বর্তমান সরকার বৈষম্যবিরোধী সরকার। এ সরকারের সময়ে গ্রামীণ জনপদের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে। নদীপথের যোগাযোগ আরও সহজ করতে নদীমাতৃক এলাকার বিভিন্ন পয়েন্টে নতুন করে লঞ্চঘাট স্থাপন করা হবে।
এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুল আলম শাহীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, প্রেসক্লাব সভাপতি মো. অহিদুর রহমান, সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল প্রমুখ।