1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

মধুখালীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মফিজুর রহমান মুবিন:

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের মধুখালী উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সোমবার (৩০ জুন) বিকেলে মধুখালী রেলগেট, মধুবন মার্কেট ও মধুখালী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, সেগুলোর মূল উদ্দেশ্য হলো—গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, অবাধ নির্বাচন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন। এই দফাগুলো সাধারণ জনগণের কাছে তুলে ধরার মাধ্যমে তাদের সচেতন করতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, পৌর কৃষকদলের আহ্বায়ক নুরনবী মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম ইনামুল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহম্মেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

২০২৪ সালের শুরুতে বিএনপি “রাষ্ট্র মেরামতের রূপরেখা” হিসেবে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করে। এতে প্রশাসন, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন, সুশাসন, মানবাধিকার ও দুর্নীতি দমনসহ রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের প্রস্তাবনা রয়েছে। দলটি মনে করে, এসব দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

লিফলেট হাতে পাওয়া স্থানীয় অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমে গেছে। তবে এ ধরনের স্পষ্ট কর্মসূচিভিত্তিক প্রচারণা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। কেউ কেউ আবার বলেন, কেবল লিফলেট নয়, দলগুলোর উচিত এসব দফা বাস্তবায়নের রূপরেখাও জনগণের সামনে খোলাসা করা।

নেতাকর্মীরা জানান, দেশের অন্যান্য জায়গার মতো মধুখালীতেও এই ৩১ দফা ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে আরও কর্মসূচি গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71