
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে হামলার পর শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ। আজ বুধবার দুপুর ২টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশস্থলে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে এসে উপস্থিত হন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা। ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের মধ্যে দিয়ে দলের স্থানীয় নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান।
এর আগে বেলা দেড়টার দিকে গোপালগঞ্জের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপি সমাবেশ মঞ্চে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে সমাবেশের প্রস্তুতি চলছিল। এ সময় বেশ কয়েকজন স্থানীয় এনসিপি নেতা সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ ৫০–৬০ জন দেশীয় অস্ত্রসহ এসে সেখানে ভাঙচুর, হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। মঞ্চে থাকা নেতা–কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন। এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি। হামলাকারীরা চলে যাওয়ার পর নেতা–কর্মীরা মঞ্চে ফিরে আসেন।