
নিজস্ব প্রতিবেদক:-
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মরদেহ বহনের সময় নিরাপত্তায় মাঠে থাকবেন অন্তত ১০ হাজার পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, বুধবার দুপুরে জানাজার আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। এ সময় মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যাবে।
প্রেস সচিব আরও বলেন, খালেদা জিয়ার জানাজা ও দাফনের পুরো প্রক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
শফিকুল আলম বলেন, এর আগেও সংসদ ভবন এলাকায় বড় পরিসরে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তবে খালেদা জিয়ার জানাজা আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে বলে আমরা ধারণা করছি। সে অনুযায়ীই সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে সারাদেশে শোকের আবহ বিরাজ করছে। তার জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে জনসমাগমের সম্ভাবনা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।