
টাইমসনিউজ ডেস্ক:-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধের ঘোষণার কথার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। বড় ধরনের কোনো গেম প্ল্যান কি না তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। জামায়াত একটি ভয়ংকর নীলনকশার মধ্যে রয়েছে। এটা রাষ্ট্রবিরোধী কথা। দেশের স্বার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত রয়েছে।’ আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন বিএনপি নেতা রিজভী। ওই অনুষ্ঠানে তাহের বলেন, ‘আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারও সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকে ভয় দেখায়– যদি আমরা ক্ষমতায় আসি, পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি দোয়া করি তারা ঢুকুক। ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে, যা ১৯৭১ সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাব। কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে।’
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়ে রিজভী বলেন, ‘অভ্যুত্থানের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীদের বসানো হয়েছে। তাদের অধীনে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।’
খাগড়াছড়িতে চলমান অস্থিরতা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘পাহাড়ে হঠাৎ অশান্তি মানুষকে ভাবিয়ে তুলছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটার পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে।’