1. admin@timesnews71.com : অ্যাডমিন :
খুলনা থেকে ঢাকায় নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’এর যাত্রা শুরু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

খুলনা থেকে ঢাকায় নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’এর যাত্রা শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

পদ্মা সেতু হয়ে নতুন রুটে খুলনা থেকে ঢাকায় এসেছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। যাত্রা শুরুর প্রথম দিনে ট্রেনটি মঙ্গলবার ভোর ৬টায় রওনা হয়ে ঢাকায় পৌছেছে মাত্র পৌনে ৪ ঘণ্টায়। দূরত্ব কমে যাতায়াতের সময় ও ভাড়া কমায় নতুন রুটের এই ট্রেন নিয়ে খুশী যাত্রীরা।

খুলনা রেলওয়ে স্টেশন সূত্র জানায়, খুলনা থেকে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি ঢাকায় পৌঁছেছে সকাল ৯টা ৪৫ মিনিটে। এটি আবার ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ১১টা ৪৫ মিনিটে খুলনায় পৌঁছবে।

জাহানাবাদ এক্সপ্রেস প্রথম দিনে খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ঢাকায় এসেছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনটিতে চড়ে খুলনা থেকে ঢাকায় এসেছেন।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ বলেন, ১২ বগির ট্রেনটিতে ১১টি যাত্রীবাহী ও ১টি পণ্যবাহী বগি। যাত্রীবাহী বগিগুলোর মোট আসন ৭৬৮টি।

সোমবার একদিন ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন চলাচল করবে জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি খুলনা থেকে যশোরের নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী ও ভাঙ্গা জংশন হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলাচল করবে।

স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, পদ্মা সেতু হয়ে এই রুটের দূরত্ব ৩৭৮ কিলোমিটার। তাই খুলনা থেকে ঢাকা যেতে সময় কম লাগছে। ভাড়াও তুলনামূলক কম। এই রুটে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৪৪৫ টাকা, স্নিগ্ধা ৭৪০ টাকা, এসি ৮৮৫ টাকা ও এসি বার্থ ভাড়া ১৩৩০ টাকা।

ট্রেনটির যাত্রী হয়ে ঢাকায় আসা ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নতুন রুটে দূরত্ব কম হওয়ায় এখন আসা-যাওয়ায় সময় কম লাগবে। ভাড়াও কম লাগছে। তাই আমরা খুশী।

খুলনা রেলওয়ের কর্মকর্তারা জানান, খুলনা-ঢাকা রুটে সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও নকশিকাঁথা এক্সপ্রেস মেইল ট্রেন আগের নিয়মেই চলাচল করবে। খুলনা থেকে এই ৩টি ট্রেনে ঢাকায় যেতে সময় লাগে ৭ থেকে ১০ ঘণ্টা।

সুন্দরবন এক্সপ্রেসের খুলনা থেকে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ি, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছতে সময় লাগে ৮ ঘণ্টা। চিত্রা এক্সপ্রেসের যমুনা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে ১০ ঘণ্টা।

অন্যদিকে নকশীকাঁথা ট্রেনটি খুলনা থেকে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ি, ভাঙ্গা জংশন হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছতে সময় নেয় ৭-৮ ঘণ্টা। সে তুলনায় জাহানাবাদ এক্সপ্রেসে সময় লাগবে অর্ধেক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71