1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শপথ গ্রহণে বাধা দেওয়া ও ‘ভুল তথ্য’ উপস্থাপন করার অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি-- ইশরাক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শপথ গ্রহণে বাধা দেওয়া ও ‘ভুল তথ্য’ উপস্থাপন করার অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি– ইশরাক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে বাধা দেওয়া ও ‘ভুল তথ্য’ উপস্থাপন করার অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ জুন) নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। একইসঙ্গে উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ইশরাক বলেন, উপদেষ্টা দায়িত্বশীল পদে থেকেও অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করেছেন। আদালতের রায় ও জনগণের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তিনি। এতে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, উপদেষ্টা তার পছন্দের একজনকে প্রশাসক নিয়োগ দিয়ে রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন। দুর্নীতি দমন কমিশনকে আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন উপদেষ্টার দায়িত্ব পালনের সময়কালের সব কার্যক্রম তদন্ত করে দেখেন—কীভাবে, কী পরিমাণ দুর্নীতিতে তিনি জড়িয়েছেন।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, ডিএসসিসির মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। গেজেটের মেয়াদ শেষ এবং মামলা বিচারাধীন থাকায় শপথ নেয়ার আইনি সুযোগ ছিল না।

এই বক্তব্যের কড়া সমালোচনা করে ইশরাক বলেন, এই যুক্তি প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে অনেক নির্বাচিত জনপ্রতিনিধির শপথ নেয়ার সুযোগ থাকবে না, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভয়াবহ বার্তা।

তিনি আরও বলেন, সজীব ভূঁইয়ার মতো ব্যক্তিরা আদালতে রিট করিয়ে জনপ্রতিনিধিদের শপথ থেকে বঞ্চিত করার পথ তৈরি করছেন। এটি নজিরবিহীন, অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।

ইশরাক বলেন, আমাদের আন্দোলন এক মাস পার করেছে। সরকারের পক্ষ থেকে একটি আশ্বাস পেয়েছিলাম, তাই জনগণের ভোগান্তি চিন্তা করে আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু যদি দ্রুত এই সংকটের সমাধান না হয়, তাহলে আন্দোলন আরও বড় পরিসরে রাজপথে গড়াবে।

তিনি আরও বলেন, এই অবস্থা তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং এর উপদেষ্টারা। প্রধান উপদেষ্টাকে বলব, বিষয়টি এড়িয়ে গেলে চলবে না। অবিলম্বে হস্তক্ষেপ করে ঢাকাবাসীকে মুক্তি দিন।

গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থকরা। পরবর্তীতে ডিএসসিসি কর্মচারী ইউনিয়ন এতে যোগ দেয়। ঈদের ছুটির পর আবার আন্দোলন নতুন করে শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71