
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আর কোনো স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করতে যেন ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বাস করেন, জনগণ একবার রাস্তায় নামলে কোনো শক্তিই তাদের রুখতে পারে না এবং ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হওয়ার চেষ্টা করলেই জনগণ তাকে তাৎক্ষণিকভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেবে।
মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। ড. ইউনূস ঘোষণা দেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করতে প্রতি বছর জুলাইয়ের এই দিনগুলোকে স্মরণ করা হবে।
প্রধান উপদেষ্টা বলেন, এই মাসব্যাপী কর্মসূচির লক্ষ্য শুধু গত বছরের গণজাগরণকে স্মরণ করা নয়, বরং নতুন করে শপথ গ্রহণ করা। ছাত্র, জনতা, শ্রমিক, রিকশাচালক থেকে শুরু করে কিশোর পর্যন্ত যারা আত্মত্যাগ করেছেন, তাদের সেই লক্ষ্য পূরণের জন্যই এই আয়োজন। এর মাধ্যমে জাতির স্বপ্নগুলো নতুন করে জেগে উঠবে এবং ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।