
মফিজুর রহমান মুবিন:
ফরিদপুরের মধুখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় মধুবন মার্কেটের তৃতীয় তলায় মধুখালী উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ আলোচনা সভা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজমুল হক। সমাবেশে সভাপতিত্ব করেন মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ আবু সাইদ মিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালেহীন সোয়াদ সাম্মী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিস সমিতির অ্যাডহক কমিটির সদস্য সচিব প্রফেসর আব্দুস সামাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এইচ এম নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত খাদ্যাভ্যাস, ব্যায়াম, সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ডায়াবেটিক রোগীদের জন্য উত্তম সেবা নিশ্চিত করতে সমিতির ভূমিকা আরও জোরদারের আহ্বান জানান।
সমাবেশে মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ আবু সাইদ মিয়া জানান,
“আমরা খুব অল্প সময়ের মধ্যেই মধুখালীতে একটি নার্সিং ইনস্টিটিউট চালু করতে যাচ্ছি, ইনশাআল্লাহ। এতে এলাকার স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।”
করোনার পর স্বাস্থ্যসচেতনতার প্রসার এবং ডায়াবেটিস প্রতিরোধে এ ধরনের উদ্যোগকে অংশগ্রহণকারীরা অত্যন্ত গুরুত্ব বহনকারী বলে উল্লেখ করেন।