1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইতালিয়ান ফুটবলে তোলপাড়: ১৬ দিনেই মালদিনির পদত্যাগ | টাইমস নিউজ ৭১
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

ইতালিয়ান ফুটবলে তোলপাড়: ১৬ দিনেই মালদিনির পদত্যাগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

ইতালিয়ান ফুটবলের নতুন পুনর্গঠন প্রক্রিয়া শুরু হতেই বড়সড় এক সংকটের মুখে পড়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি। তার সঙ্গে পদত্যাগ করেছেন তার উপদেষ্টা ও সাবেক ব্রাজিলিয়ান তারকা লিওনার্দো।

জাতীয় দলের নতুন কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা বাতিল হয়ে যাওয়ার পরপরই এই দুই শীর্ষ কর্মকর্তা পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।

টানা তৃতীয়বার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ইতালির ফুটবলকে পুনরায় ঢেলে সাজাতে গত ১১ জুলাই মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিল এফআইজিসি। জেন্নারো গাত্তুসোর বিদায়ের পর জাতীয় দলের নতুন কোচের খোঁজে পেপ গার্দিওলাকে প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়। এরপর মালদিনি ও লিওনার্দোর প্রধান পছন্দ ছিলেন আন্দ্রেয়া পিরলো।

তবে পিরলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার মুহূর্তে এক রাশিয়ান বেটিং কোম্পানির সঙ্গে তার বাণিজ্যিক চুক্তির বিষয়টি প্রকাশ্যে আসে। এর জের ধরে ফেডারেশন ও রাজনৈতিক মহল থেকে তীব্র বিরোধিতা আসায় পিরলোকে হেড কোচ করার সিদ্ধান্ত বাতিল করা হয়।

কোচ বাছাইয়ের পূর্ণ স্বাধীনতা না পাওয়ায় ও নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বাধা আসায় মালদিনি ডিরেক্টরের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে নবনির্বাচিত এফআইজিসি প্রেসিডেন্ট জিওভান্নি মালাগো বড় ধরনের বিপাকেই পড়েছেন। নেশনস লিগের আগে জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে এখন রবার্তো মানচিনি, থিয়াগো মোত্তা এবং আন্তোনিও কোন্তের নাম আলোচনায় আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71