
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ১৬টি রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
গত ২২ জুন পর্যন্ত ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে ১৪৭টি আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। এ কারণে এনসিপিসহ সব রাজনৈতিক দলকে শর্ত পূরণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়। গত ৩ আগস্ট বিকেল ৫টায় এ সময়সীমা শেষ হয়।
ইসি জানিয়েছে, ১৪৫টির মধ্যে মাত্র ৮০টি রাজনৈতিক দল ইসির শর্ত অনুযায়ী নথি দাখিল করতে পেরেছে। এখন যাচাই-বাছাই করে ১৬টিকে মাঠপর্যায়ের তদন্তের জন্য পাঠানো হচ্ছে।
ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ বলেন, ‘এনসিপিসহ ১৬টি নতুন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার এই ১৬টি দলকে মাঠপর্যায়ের তদন্তের জন্য পাঠানো হবে।’
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে একটি দলের কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলায় কমিটি থাকতে হয় এবং প্রতিটি কমিটিতে অন্তত ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। কোনো দলের কোনো সদস্য যদি আগে সংসদ সদস্য নির্বাচিত হন বা পূর্ববর্তী নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পায়, তবে সেটিও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।