1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টিরও বেশি দল ডিসেম্বরে নির্বাচন চায় - বাম জোট নেতাদের যৌথ বিবৃতি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টিরও বেশি দল ডিসেম্বরে নির্বাচন চায় – বাম জোট নেতাদের যৌথ বিবৃতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্যকে ‘অসত্য, দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলেন, ‘রাষ্ট্রের প্রধান নির্বাহীর এরকম বক্তব্য শুধু দেশের জন্য নয়, তার নিজের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর এবং এটি সাংবিধানিক শপথ ভঙ্গের সামিল।’

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নিক্কেই সম্মেলনে ড. ইউনূস বলেন, ‘একটি দল ছাড়া কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না।’ বাম জোট নেতারা এই মন্তব্যকে ‘সত্যের অপলাপ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁরা বলেন, ‘শুধু একটি দল নয়, বাম গণতান্ত্রিক জোটসহ দেশের নিবন্ধিত ও অনিবন্ধিত ৫০টিরও বেশি রাজনৈতিক দল ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন চায়।’

আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বাম জোট আরও অভিযোগ করেন, ‘ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি নতুন রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার অপকৌশলের অংশ হিসেবেই নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এজন্য তিনি বিদেশে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত একটি নতুন রাজনৈতিক দল এবং একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী চিহ্নিত কয়েকটি উগ্র সাম্প্রদায়িক দল ও গোষ্ঠী নির্বাচন বানচাল করতে তৎপর। তারা দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি ভয়াবহ করে তুলতে চাইছে।’

বাম নেতারা দ্রুত প্রয়োজনীয় নির্বাচনসংক্রান্ত সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71