1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পশুখাদ্যকে কোনোভাবেই মৎস্যখাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

পশুখাদ্যকে কোনোভাবেই মৎস্যখাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পশুখাদ্য ও মৎস্যখাদ্য প্রায় একাকার হয়ে যাচ্ছে। পশু খাদ্যকে কোনোভাবেই মৎস্যখাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না; তা আলাদা করে জাতীয় মৎস্য নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে।

উপদেষ্টা আজ ঢাকায় তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য নীতিমালা-২০২৫ (খসড়া) বিষয়ক অংশীজন পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ম্যানগ্রোভ বন ধ্বংস করে চিংড়ি চাষ নয়, বরং পরিবেশবান্ধব উপায়ে কীভাবে ম্যানগ্রোভ সংরক্ষণ করে চিংড়ি চাষ করা যায়, তা আমাদের নিশ্চিত করতে হবে। শুধু অবৈধ জাল ধ্বংস করলেই হবেনা, জাল উৎপাদনের উপকরণ আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

প্রধান অতিথি বলেন, প্রাইভেট সেক্টরের উদ্যোগে দেশে ক্ষতিকর বিদেশি প্রজাতির মাছ প্রবেশ করছে যা পরিবেশ ও দেশীয় মাছের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। পরবর্তীতে এমন মাছ দেখা গেলে তা মেরে ফেলার নির্দেশনা আসে। অথচ শুরুতেই যদি এসব মাছ আমদানি নিরুৎসাহিত করা হতো, তাহলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না।

বর্তমান প্রেক্ষাপটে মৎস্যজীবীদের সামাজিক সুরক্ষা সুস্পষ্টভাবে নীতিমালায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, মাছের ধরণ অনুযায়ী মৎস্যজীবীদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের জন্য উপযুক্ত সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, মৎস্যখাতকে কৃষির উপখাত মনে করা হলেও কৃষিখাতের মতো বিদ্যুৎ ছাড়, ভরতুকি বা সরকারি প্রণোদনার ক্ষেত্রে মৎস্যখাত অবহেলিত। তিনি জাতীয় মৎস্য নীতিমালায় ২০২৫ এ উক্ত বৈষম্য দূর করে মৎস্যজীবীদের অধিকার ও প্রণোদনার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান ।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) বাংলাদেশ প্রতিনিধি Jiaoqun Shi। এছাড়া, মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি এবং বাংলাদেশ ফিশ ফার্মাস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71