
টাইমসনিউজ ডেস্ক:
‘মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা’ মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শঙ্কার কথা জানান।
তারেক রহমানের শঙ্কা, এটি (মব জাস্টিস) গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের সুষ্ঠু চর্চা এখনও শুরু হয়নি। আর যেন একমাত্রিক রাষ্ট্রের প্রবর্তন না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’
বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘মানবতা, ন্যায়বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুমহান ঐতিহ্য গড়ে তুলতে হবে।’
একই সাথে গণতান্ত্রিক শক্তির অটুট ঐক্য বজায় রাখা জরুরি বলেও মনে করেন তিনি।
এছাড়া, আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘সে সময় মত প্রকাশের স্বাধীনতাসহ সকল প্রকার নাগরিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল।’