1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মুরাদনগরে একজন উপদেষ্টা ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন : মির্জা ফখরুল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

মুরাদনগরে একজন উপদেষ্টা ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন : মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ তোলেন।

কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দেন। এতে বলা হয়, ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে শ্লীলতাহানী ও নির্যাতন এক নির্মম কলঙ্কজনক ঘৃণ্য ঘটনা। এই বর্বরোচিত ঘটনা দেশের মানুষকে ব্যথিত ও মর্মাহত করেছে। অথচ একটি কুচক্রী মহল এই কাপুরুষিত ন্যাক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনও চলছে। ঐ এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুষ্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে। আর এ ক্ষেত্রে তারা দেশ-বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে। উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে। মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকেই আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন।’

গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে ওই নারীর মামলার প্রেক্ষিতে প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগীর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71