1. admin@timesnews71.com : অ্যাডমিন :
সেনাসদরের এক চিঠিকে ঘিরে বিভ্রান্তি আইএসপিআর বললেন উদ্দেশে প্রনোদিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সেনাসদরের এক চিঠিকে ঘিরে বিভ্রান্তি আইএসপিআর বললেন উদ্দেশে প্রনোদিত

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের মধ্যে অনাস্থা ও বিভেদ তৈরির এক ‘উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা’ চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাসদরের একটি প্রশাসনিক চিঠি ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল এই পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বলে শুক্রবার (১১ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি সতর্ক করেছে।

আলোচিত ওই চিঠিতে পুলিশের সঙ্গে অতীতে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনায় সেনাসদস্যদের হেনস্তার শিকার হওয়ার অভিযোগের তালিকা চাওয়া হয়েছিল। তবে আইএসপিআর জানিয়েছে, এই চিঠিটি কোনো সাম্প্রতিক ঘটনা বা দুই বাহিনীর অভ্যন্তরীণ কোনো টানাপোড়েনের ফল নয়। মূলত, বহু বছর আগে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের নৃশংসতম হত্যাযজ্ঞের তদন্তে গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের’ পক্ষ থেকে কিছু তথ্য চাওয়া হয়েছিল। সেই চাহিদার প্রেক্ষিতেই তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সেনাসদর অভ্যন্তরীণভাবে চিঠিটি জারি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি ছড়িয়ে পড়ার পর এর বিষয়বস্তু নিয়ে যেন কোনো প্রকার ভুল ব্যাখ্যা বা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া তৈরি না হয়, সেই স্বার্থে সেনাসদর তাৎক্ষণিকভাবে চিঠির কার্যক্রম বাতিল করার সিদ্ধান্ত নেয়। আইএসপিআর স্পষ্ট করে বলেছে, চিঠিটি বাতিলের মাধ্যমে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝির অবকাশকে শুরুতেই নাকচ করা হয়েছে।

আইএসপিআর আরও জোর দিয়ে বলেছে, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ দেশের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত সৌহার্দ্য ও সমন্বয়ের ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে। ভবিষ্যতেও এই ঐক্যবদ্ধ কার্যক্রম অটুট থাকবে। এই দৃঢ় সম্পর্ককে ক্ষুণ্ণ করার যেকোনো অপচেষ্টার বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পরিশেষে, এই বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে কোনো প্রকার বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71